
নিউজ ডেস্কঃ চলতি বছরের ডিসেম্বরে একাদশ জাতীয় নির্বাচনের আগেই সরকার ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি জানান,ওই নিয়োগের অর্ধেক দেওয়া হবে আগামী তিন মাসের মধ্যে। আজ রবিবার ঢাকায় বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সঙ্গে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। গত বছর অগাস্টেও বিশেষ বিসিএসের মাধ্যমে ১০ হাজার চিকিৎসক নিয়োগের কথা বলেছিলেন স্বাস্থ্যমন্ত্রী। তবে এবার তিনি সুনির্দিষ্ট সময়ের কথা বললেন। বিশেষ বিসিএসের মাধ্যমে এই চিকিৎসকদের নিয়োগ দিয়ে গ্রামাঞ্চলের স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোতে তাদের পদায়ন করা হবে বলে জানান মন্ত্রী। জনবল ঘাটতিকে স্বাস্থ্য খাতের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে তিনি বলেন,আমরা যদি ১০ হাজার চিকিৎসক পদায়ন করতে পারি তাহলে গ্রামে ডাক্তারের আর অভাব হবে না।
গ্রামে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে আগেও এ ধরনের উদ্যোগ নিয়ে পুরোপুরি সফল হতে পারেনি সরকার। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর চার হাজারের বেশি চিকিৎসককে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। পরে ২০১৪ সালে আরও প্রায় ছয় হাজার চিকিৎসক নিয়োগ হয় পিএসসির মাধ্যমে। চিকিৎসকদের পদায়নের ক্ষেত্রে নিজের উপজেলাসহ তাদের পছন্দের জায়গা বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়। এরপরেও চিকিৎসকরা তাদের হাসপাতালে থাকেন না বলে অভিযোগ রয়েছে।