News71.com
 Bangladesh
 05 Mar 18, 05:48 AM
 213           
 0
 05 Mar 18, 05:48 AM

ড. মুহম্মদ জাফর ইকবালকে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা  

ড. মুহম্মদ জাফর ইকবালকে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা   

নিউজ ডেস্কঃ আহত অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে দেখতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ সোমবার বেলা সাড়ে ১২টায় ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে যান তিনি। আধা ঘণ্টার বেশি সময় সিএমএইচে অবস্থান করেন প্রধানমন্ত্রী।এ সময় তিনি জাফর ইকবাল ও তার স্ত্রী ইয়াসমিন হকের সঙ্গে কথা বলেন।পাশাপাশি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তার চিকিৎসাসেবা চালিয়ে যেতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এ সময় স্ত্রী ড. ইয়াসমিন হক জানান, জাফর ইকবাল সুস্থতার পথে রয়েছেন।কিছুদিনের মধ্যেই বাসায় যেতে পারবেন। তখন প্রধানমন্ত্রী বলেন, সেখানেও যেন পূর্ণ বিশ্রামে থাকেন জাফর ইকবাল।উল্লেখ্য, গত শনিবার ৩ মার্চ বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে শিক্ষার্থী ও পুলিশের উপস্থিতিতে জাফর ইকবালের ওপর হামলা হয়। ফয়জুর রহমান ফয়জুল নামে এক তরুণ ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে। এরপর তাকে প্রথমে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ড. জাফর ইকবালকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিএমএইচে নিয়ে আসা হয় রাতেই। বর্তমানে তিনি সুস্থ আছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন