
নিউজ ডেস্কঃ ভিশন-২০২১ বাস্তবায়নে বাংলাদেশের অংশীদার হতে চায় ভিয়েতনাম। বাংলাদেশে এ জন্য বিভিন্ন খাতে বিনিয়োগের পরিকল্পনা করছে দেশটি।বাংলাদেশে সফররত ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং আজ মঙ্গলবার হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ-ভিয়েতনাম বিজনেস ফোরাম’র আলোচনা সভায় এসব কথা বলেন। বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই), ভিয়েতনামের পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রণালয় এবং বাংলাদেশে ভিয়েতনামের দূতাবাস যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করেছে।ভিয়েতনামের প্রেসিডেন্ট এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।তিনদিনের সফরে আসা ভিয়েতনামের প্রেসিডেন্ট এ অনুষ্ঠানে সে দেশের ১০০টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন।অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ভিয়েতনামকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।তিনি বাংলাদেশে বিনিয়োগের বিভিন্ন সুবিধা তুলে ধরেন।উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাংলাদেশ ও ভিয়েতনামের ব্যবসায়ী নেতাদের মধ্যে আলোচনাপর্বে ভিয়েতনামের পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী গুয়েন চি ডাং এবং শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী চাও কুয়োক হাং অংশ নেবেন বলে জানান।