
নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন পেশার নারীরা নিজ নিজ যোগ্যতার প্রমাণ দিয়ে কর্মক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী। তিনি বলেছেন,আমাদের একটিই পথ রয়েছে।আর সে পথ সামনে এগিয়ে চলার, পেছনে ফেরার নয়।আজ মঙ্গলবার আসন্ন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন,কেবল নারী দিবসকে কেন্দ্র করে আলোচনা যথেষ্ট নয়।সারা বছরই এমন আলোচনা অনুষ্ঠানের আয়োজন জরুরি।সাংবাদিকতা করতে গিয়ে নারীরা যেসব প্রতিবন্ধকতার সম্মুখীন হন, সেসব প্রতিবন্ধকতা চিহ্নিত ও দূর করতে হবে।সরকারের নীতি-নির্ধারণী পর্যায়ে থাকা কর্মকর্তাদেরও এ দিকে নজর দিতে হবে।প্রত্যেক পেশার কিছু নিজস্ব চ্যালেঞ্জ থাকে।সাংবাদিকতা পেশায়ও তা রয়েছে।বর্তমানে প্রচুর পরিমাণ নারী এ পেশায় আছেন, যা নারী ক্ষমতায়নের একটি উদাহরণ।শুধু সাংবাদিকতা নয়; ব্যাংকিং ও আইন পেশায়ও প্রচুর নারী কাজ করে যাচ্ছেন।সব পেশার নারীরাই নিজ নিজ দক্ষতা ও যোগ্যতার প্রমাণ দিয়ে এগিয়ে যাচ্ছেন।