News71.com
 Bangladesh
 07 Mar 18, 10:10 AM
 165           
 0
 07 Mar 18, 10:10 AM

আজ ঐতিহাসিক ৭ মার্চ ।। বজ্রকন্ঠের সেই ভাষণ আজও পুরো জাতিকে উজ্জীবিত করে

আজ ঐতিহাসিক ৭ মার্চ ।। বজ্রকন্ঠের সেই ভাষণ আজও পুরো জাতিকে উজ্জীবিত করে

নিউজ ডেস্কঃ আজ বুধবার ঐতিহাসিক ৭ মার্চ।মুক্তিকামী বাঙালি জাতিকে মুক্তির বাণী শোনানোর দিন।১৯৭১ সালের এই দিনে বিশাল জনসমুদ্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিকামী বাঙালি জাতিকে মুক্তির বাণী শোনান।এই দিনে ঢাকার রেসকোর্স ময়দানের (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) এই মহান নেতা বজ্রকণ্ঠে ঘোষণা করেন,এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।তিনি বলেন,রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেবো।এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো, ইনশাআল্লাহ।এ দিন বঙ্গবন্ধুর সেই ডাকে জেগে উঠেছিল ২৩ বছরের শোষণ আর নিপীড়নে পিষ্ট এ দেশের মুক্তিপাগল জনতা।পেয়েছিল স্বাধীনতা যুদ্ধের দিক-নির্দেশনা।বাঙালি নিয়েছিল চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি।বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসে এক অনন্য সাধারণ দিন ৭ মার্চ।এই দিনে স্বাধীনতার মহানায়ক তার ১৮ মিনিটের ভাষণে সাড়ে সাত কোটি নিরস্ত্র বাঙালিকে সশস্ত্র জাতিতে পরিণত করেছিলেন।আগুন জ্বালিয়েছিলেন কোটি প্রাণে।১৮ মিনিটের সেই ভাষণ গত বছর ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি অর্জন করেছে।

এদিকে, দিবসটি উপলক্ষে আরেকবার সোহরাওয়ার্দী উদ্যানে জনসমুদ্র তৈরি করতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ।দিনটি উপলক্ষে আজ ৭ মার্চ বুধবার বিশাল জনসভা ডেকেছে আওয়ামী লীগ।সেখানে এবার ভাষণ দেবেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এই জনসভাকে জনসমুদ্রে রূপান্তর করতে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে চলেছে আওয়ামী লীগ।এর মধ্যে রয়েছে লিফলেট বিতরণ, গণসংযোগ ও যৌথসভা। এবার ঐতিহাসিক ৭ মার্চ বিশ্ব স্বীকৃতি পাওয়ায় দিনটিকে উপলক্ষে জনসভায় আলাদা করতে চায় আওয়ামী লীগ।ঐতিহাসিক ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণে গর্জে ওঠে উত্তাল জনসমুদ্র। লাখ লাখ মানুষের গগণবিদারী স্লোগানের উদ্দামতায় বসন্তের মাতাল হাওয়ায় সেদিন পত্ পত্ করে ওড়ে বাংলাদেশের মানচিত্র খচিত লাল-সবুজ পতাকা। লাখো শপথের বজ্রমুষ্টি উত্থিত হয় আকাশে।সেদিন বঙ্গবন্ধু মঞ্চে আরোহণ করেন বিকাল ৩টা ২০ মিনিটে। ফাগুনের সূর্য তখনও মাথার ওপর।মঞ্চে আসার পর তিনি জনতার উদ্দেশে হাত নাড়েন। তখন পুরো সোহরাওয়ার্দী উদ্যান লাখ লাখ বাঙালির তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা, শেখ মুজিব শেখ মুজিব’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে।এরপর বঙ্গবন্ধুর নির্দেশে ৯ মাসের বীরত্বপূর্ণ সশস্ত্র লড়াই, ৩০ লাখ শহীদের আত্মাহুতির বিনিময়ে পাকিস্তানি সেনা ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আলবদর, আলশামস বাহিনীকে পরাজিত করে ১৬ ডিসেম্বর বিজয় ছিনিয়ে আনে বাঙালি জাতি। শুরু হয় বাংলাদেশ নামের নতুন এক রাষ্ট্রের গৌরবযাত্রা।বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণের দিনটি প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। দিনটি যথাযথ মর্যাদায় পালনের জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন