
নিউজ ডেস্কঃ দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে পাস হওয়া বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিল, ২০১৮-এ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সম্মতি দিয়েছেন।আজ সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে গত ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিল-২০১৮ পাস হয়।মূলত সামরিক আমলে প্রণীত বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড অর্ডিন্যান্স-১৯৮২ বাতিল করে নতুন এ বিলটি করা হয়।সেদিন সংসদে স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করা হয়।
১৯৮২ সালের অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এতদিন পরিচালিত হতো। সে বিধান অনুযায়ী, বোর্ড বছরে ছয়বার ও দুই মাসে একবার সভা করবে।এটি পরিবর্তন করে প্রস্তাব করা হয়েছে, প্রতি ৬ মাসে বোর্ডের কমপক্ষে একটি সভা হবে। আগে পাঁচজনের কম হলে কোরাম হতো না, বিলে বলা হয়েছে, এক-তৃতীয়াংশ সদস্য উপস্থিত থাকলেই কোরাম হবে।বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে সংসদে মন্ত্রী জানিয়েছিলেন,সরকারের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডকে আরও শক্তিশালী ও সক্রিয় করার জন্য এর আইনি কাঠামো শক্তিশালী করা প্রয়োজন।১৯৮২ সালের অধ্যাদেশের মাধ্যমে পরিচালিত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যাবতীয় কার্যক্রমকে আইনের আওতায় আনার লক্ষ্যে আইনটি করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।