
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীর উন্নয়ন, অংশগ্রহণ ও অধিকার নিশ্চিত করার মাধ্যমে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে এক যোগে কাজ করার আহবান জানিয়েছেন।আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ বুধবার দেয়া এক বাণীতে তিনি এই আহবান জানান। এবারের নারী দিবসের প্রতিপাদ্য সময় এখন নারীর উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রামশহরে কর্মজীবন ধারা।প্রধানমন্ত্রী বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের পবিত্র সংবিধানে রাষ্ট্রীয় ও সমাজ জীবনের সকল কর্মকান্ডে নারীর সমান অধিকার নিশ্চিত করেছেন।
দিবসটি উপলক্ষে সকল নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার বিগত ৯ বছরে নারীর ক্ষমতায়ন ও নারী উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। আমরা জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১ প্রণয়ন করে তা বাস্তবায়ন করে যাচ্ছি। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, মাতৃত্বকালীন ছুটি সবেতনে ৬ মাসে উন্নীত এবং মাতৃত্বকালীন ভাতা ও ল্যাকটেটিং মাদার ভাতা চালু করেছি। এ ছাড়াও বয়স্ক ভাতা, বিধবা, তালাকপ্রাপ্ত ও নির্যাতিত নারীদের ভাতা, অস্বচ্ছল প্রতিবন্ধীদের ভাতা চালু করা হয়েছে।
তিনি আরো বলেন, নারী নির্যাতন প্রতিরোধে জেলা উপজেলায় ৬০টি ওয়ানস্টপ ক্রাইসিস সেল ও ন্যাশনাল হেল্পলাইন (১০৯) চালু করা হয়েছে। ভিজিএফ, ভিজিডি ও জিআর কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমেও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। বর্তমান সরকারের সময়োপযোগী ও বলিষ্ঠ পদক্ষেপের ফলে রাজনীতি, বিচার বিভাগ, প্রশাসন, শিক্ষা, চিকিৎসা, সশস্ত্রবাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সর্বক্ষেত্রে নারীরা যোগ্যতার স্বাক্ষর রাখছেন।প্রধানমন্ত্রী আন্তর্জাতিক নারী দিবসের সার্বিক সাফল্য কামনা এবং বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবস পালন করা হচ্ছে জেনে আনন্দ প্রকাশ করেন।