
নিউজ ডেস্কঃ স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গৃহবধূর নাম আফসানা আক্তার (২০)। রাজধানীর শ্যামপুরে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মোরটসাইকেল স্লিপ খেয়ে রাস্তায় গৃহবধূ ছিটকে পড়লে একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক সোয়া আটায় মৃত ঘোষণা করেন। নিহত আফসানা খুলনার খালিশপুর উপশহরের হাউজিং এস্টেট এলাকার আবদুল আজিমের স্ত্রী। বর্তমানে তারা কুড়িল বিশ্বরোড চৌরাস্তা এলাকায় পরিবারে সঙ্গে থাকতেন।
হাসপাতালের পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। নিহতের স্বামী আজিম জানান, তার স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। সকালে দিকে তার স্ত্রী আফসানাকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে নারায়ণগঞ্জের পাগলায় ফুফুর বাসায় যাচ্ছিলাম। পথে শ্যামপুরের লাল মসজিদ এলাকায় এলে চলন্ত মোরটসাইকেল স্লিপ খেয়ে রাস্তায় আফসানা ছিটকে পড়ে যায়। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তার ওপর দিয়ে চলে যায়। মুমুর্ষূ অবস্থায় আফসানাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।