
মিথুন কুমারঃ সমাজকাঠামোর পরিবর্তনের সঙ্গে বদলে যাচ্ছে মানুষের জীবনাচরণ,পারস্পরিক সম্পর্ক, মূল্যবোধ। সমাজ এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হওয়ার মাধ্যমে প্রতিনিয়তই বদলে যাচ্ছে সামাজিক সম্পর্কের মাত্রা । এতে পুরুষের যেমন ভূমিকা রয়েছে তেমনি নারীরও রয়েছে। বিপুল সংখ্যক শ্রমজীবীকে এখনো পর্যন্ত শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। শ্রমজীবী নারীরা নামমাত্র বেতনে কাজ করে জীবিকার তাগিদে। অধিকাংশ ক্ষেত্রেই যেখানে কম মজুরি পেয়ে থেকে কাজের ঘণ্টার কোনো হিসাব নেই, যেখানে স্বাস্থ্যঝুঁকি অনেক বেশি সেখানেই নারী শ্রমিক এবং শিশু শ্রমিকের নিয়োগ দিতে দেখা যায়।সরকারি পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে মোট শ্রমশক্তি ৪৪.৩ মিলিয়ন, যার মধ্যে নারী ৯.৮ মিলিয়ন।মোট নারী শ্রমিকের ৮৩ ভাগ গৃহশ্রমিক, ১০ ভাগ আত্মকর্মসংস্থান নিয়োজিত ৪ ভাগ বেতনভোগী, ৩ ভাগ দিনমজুর।পরিসংখ্যান অনুযায়ী দেখা যায়- নারী শ্রমিকের সিংহভাগ গৃহকর্মে নিয়োজিত।বাংলাদেশের পোশাক শিল্প টিকে আছে নারী শ্রমিকদের কারণে।নারী শ্রমিকদের কর্মদক্ষতা, সততা, আন্তরিকতা এবং নিষ্ঠার মাধ্যমে পোশাক শিল্প আজ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।একজন নারী শ্রমিক যে পরিমাণ শ্রম দেয়, পাশাপাশি একজন পুরুষ শ্রমিক কিন্তু ততটা শ্রম দেয় না। নারী শ্রমিকেরা ফাঁকি দেয় কম, কাজ করে বেশি। যখন নির্দিষ্ট সময়ের মধ্যে পোশাক সরবরাহ করতে হয়, তখন নারী শ্রমিকরা দিন রাত পরিশ্রম করেন।নারীদের একদিকে থাকে সংসার, সন্তান, পারিবারিক কাজকর্ম অপরদিকে থাকে অফিস।শত ঝড়ঝঞ্ঝা মাথায় নিয়ে নির্বিকারচিত্তে কাজ করে যায়।তারপরও তারা সন থেকে বেশি অবহেলিত।কেউ অল্প শিক্ষায় শিক্ষিত, কেউবা নিরক্ষর।কিন্তু শ্রম দেওয়ার বেলায় শিক্ষিত শ্রমিকের চাইতে কোনো অংশে কম শ্রম দিচ্ছে না। ওদের শ্রমকে পুঁজি করে মালিকরা হচ্ছে কোটিপতি। অথচ এসব নারী শ্রমিকের ন্যূনতম মূল্যায়ন পায় না কোথাও।
এদেশে এখন বহু নারী নিজে কষ্ট করে নানা ধরনের জীবন-জীবিকার মাধ্যমে সংসার চালায়। সংখ্যাগরিষ্ঠ নারী খেয়ে না খেয়ে তার সংসার চালাচ্ছে। নারীদের অসংখ্য কাজ বিশেষ করে গৃহস্থালি কাজ এবং শিশু লালন-পালন করতে হয়। অধিকাংশ সমাজে গৃহস্থালি কাজের কোনো মজুরি নেই, ব্যক্তিগতভাবে নিজের মতো করে আপন মনে নারীরাই কাজ করে সংসারে। একটি গবেষণা সংস্থার জরিপে জানা যায়- কৃষি খাতে নিয়োজিত নারী শ্রমিকের ৭২ শতাংশ।এদের পারিবারিক নারী শ্রমিক হিসেবে উল্লেখ করা হয়ে থাকে। গত এক দশকে অর্থনৈতিক কার্যক্রমে ১ কোটি ৩০ লাখ বাড়তি শ্রমশক্তি যুক্ত হয়েছে, যার মধ্যে ৫০ লাখ নারী। গৃহশ্রমে নিয়োজিত নারীদের বলা হয় গৃহিণী।গৃহস্থালি কাজ ছাড়াও চাষাবাদ ও শস্য প্রক্রিয়াজাতকরণ ইত্যাদি নারীর প্রাকৃতিক কাজ হিসেবেই গণ্য করা হয়। প্রতিনিয়ত কুটির শিল্পজাত জিনিসপত্র তৈরি করে, ঢেঁকিতে ধান ভেনেও গৃহিণী কোনো মজুরিযোগ্য কাজের স্বীকৃতি পাননি। অথচ একই কাজ নতুন প্রযুক্তি দিয়ে জীবিকার কারখানায় করা হলে তার সঙ্গে জড়িতদের মজুরিযোগ্য শ্রমিক বলে গণ্য করা হয়।ব্যাপক নারী শ্রমকে অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে অন্তর্ভুক্ত করা হলেও অর্থমূল্যে জাতীয় আয় হিসেবে দেখানো হয় না।হিসাব করলে বোঝা যায়, পুরুষ শ্রমিক থেকে নারী শ্রমিকরা কাজ বেশি করছে। বিভিন্ন শারীরিক শ্রমে নিয়োজিত নারী শ্রমিককে পুরুষ শ্রমিকের তুলনায় কম পারিশ্রমিক দেওয়া হয়। যদিও প্রায়ই নারী শ্রমিককে নির্ধারিত সময়ের বাইরে আরো অধিক সময় ধরে কাজ করতে হয়। কিন্তু কোনো অতিরিক্ত পারিশ্রমিক দেওয়া হয় না। শ্রম আইন এখানে অসহায়। জাতীয় উন্নয়নে নানা কর্মসূচি গ্রহণ করা হলেও এসব নারী শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। মজুরি বৈষম্যে নারীদের শ্রম কম দামে বিক্রি হচ্ছে।