
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জাতীয় নির্বাচন ভণ্ডুল করার জন্য বিএনপি-জামাতের অশুভ তৎপরতা শুরু হয়েছে।তিনি বলেন, তারা (বিএনপি-জামাত) এই অশুভ তৎপরতার অংশ হিসেবেই অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর জঙ্গিদের দিয়ে বর্বরোচিত হামলা চালিয়েছে।কেন্দ্রীয় ১৪-দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম আজ দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের এক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করতেই বিএনপি-জামাতের অশুভ তৎপরতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ২০১৪ সালের মতো তারা আবারো মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে।এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি পালনের ঘোষণার মাধ্যমেই সন্দেহ হয় তাদের কর্মসূচি শান্তিপূর্ণ হবে কিনা।বিএনপি-জামাতের সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা হওয়ার কোন সম্ভাবনা নেই। কারণ, একাত্তর ও পঁচাত্তরের ঘাতকদের সঙ্গে আওয়ামী লীগের কোন সমঝোতা হতে পারে না।সভায় অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয় এবং মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।