
নিউজ ডেস্কঃ ধারাবাহিক জেলা সফরের অংশ হিসেবে এ বছরের মার্চ ও এপ্রিলে আরও ৫টি জেলা সফর করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এই সফরে নির্বাচনি প্রচারণার পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলোতে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করবেন তিনি।আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সূত্রে এ তথ্য জানা গেছে।আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া এসব তথ্য জানিয়েছেন।
যে ৫টি জেলায় প্রধানমন্ত্রীর সফরের কথা রয়েছে তা হলো- চাঁদপুর, চট্টগ্রাম, ঠাকুরগাঁও, গাজীপুর ও ময়মনসিংহ। প্রত্যেকটি জেলায় জনসভার আয়োজন করবে জেলা আওয়ামী লীগ। সেখানে অংশ নিয়ে আগামী নির্বাচনে আবারও নৌকার প্রার্থীকে বিজয়ী করতে অনুরোধ জানাবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।আগামী ২১ মার্চ বন্দরনগরী চট্টগ্রাম সফরের মধ্য দিয়ে আবারও এই সফর শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ১ এপ্রিল চাঁদপুরে, ৫ এপ্রিল ময়মনসিংহ, ২৫ এপ্রিল ঠাকুরগাঁও সফরে যাবেন তিনি। এর আগে-পরে গাজীপুরে সফরে যাওয়ার কথা রয়েছে।জেলা সফরের হিসেবে এর আগে সর্বশেষ ৩ মার্চ খুলনায় জনসভা করেছেন তিনি।ইতোমধ্যে এ বছর যশোর, সিলেট, রাজশাহী, বরিশাল ও খুলনা সফর করে সেখানে জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।