
নিউজ ডেস্কঃ বর্তমান সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি আরো বলেন,এই সরকার বিগত বছরগুলোতে কারিগরি শিক্ষায় অনেক অর্জন করেছে। কেননা,কারিগরি শিক্ষায় দক্ষ না হলে দেশ এগোবে না, আর জাতি হিসেবেও সামগ্রিকভাবে আমরা পিছিয়ে পড়ব। এজন্য কারিগরি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আজ শুক্রবার রাজধানীর সরকারি গ্রাফিক আর্ট ইন্সটিটিউটের ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। নুরুল ইসলাম নাহিদ বলেন,বিদেশে কর্মরত বাংলাদেশি এক কোটি শ্রমিকের বেশির ভাগই অদক্ষ,এ কারণে তারা খুবই কম বেতন পায় এবং ছোট কাজ করে। অন্যদিকে বাংলাদেশের গার্মেন্টস খাতের উচ্চপদে চাকরি করে বিদেশিরা বছরে ৫ বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে। এসব বিষয় চিন্তা করে দেশের কারগরি শিক্ষা প্রসার ও মান বাড়াতে নিরলস প্রচেষ্টা চালাচ্ছে সরকার।
তিনি আরও বলেন, ঐতিহ্যবাহী সরকারি গ্রাফিক আর্ট ইন্সটিটিউটের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১০তলা ভবন এবং মেয়েদের জন্য স্বতন্ত্র হল করে দেওয়া হবে। আর গ্রাফিক আর্টসে বিএসসি ডিগ্রি করার সুযোগ সৃষ্টি করা হচ্ছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ইতিমধ্যে এ উদ্যোগের প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। শিগগিরই এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। সরকারি গ্রাফিক আর্টস ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী নিহার রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক, শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম ও ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজিব প্রমুখ।