
নিউজ ডেস্কঃ উন্নয়নের লক্ষ্যে বেসরকারি এয়ারলাইন্সগুলোকে মনিটরিং এর আওতায় আনা হবে। আর এর জন্য মন্ত্রণালয়ে একটি সেল গঠন করা হচ্ছে। বলেছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল। তিনি বলেন,কক্সবাজার বিমানবন্দর খুব শীঘ্রই আন্তর্জাতিক বিমানবন্দরে রুপান্তর করা হবে। রানওয়ে ১০ হাজার ফুটে উন্নীত করা হবে। তখন ৭৭৭ এয়ারক্রাফট অবতরন করতে পারবে কক্সবাজার বিমানবন্দরে। ইউএস-বাংলার ২য় কাস্টমার সাকসেস সামিট এর উদ্ধোধনী অনুষ্ঠানে আজ শনিবার প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। কক্সবাজারের স্থানীয় একটি হোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি সায়মুম সারওয়ার কমল, কানাডিয়ান হাই কমিশনার বেনিয়ট প্রিফনটেইন, ইউএস বাংলার এমডি আব্দুল্লাহ আল মামুন, আটাবের সভাপতি মনজুর মোর্শেদ মাহাবুবসহ অনান্য কর্মকর্তাবৃন্দ।
মন্ত্রী বলেন,কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত হলে বিদেশি পর্যটক সরসরি কক্সবাজার আসতে পারবে। তাতে আমরা অর্থনৈতিকভাবে লাভবান হবো। ইতিমধ্যে প্রধানমন্ত্রী কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে ৭৩৭ এয়ারক্রাফট উদ্বোধন করেছেন। ইউএস-বাংলার এমডি আব্দুল্লাহ আল মামুন বলেন, বর্তমানে ইউএস বাংলায় ৪টি এয়ারক্রাফট রয়েছে। চলতি বছরেই আরো ৩টি ড্যাশ ৮, ৩টি বোয়িং ৭৩৭, ২টি বোয়িং ৭৭৭ যুক্ত করার প্রক্রিয়া চলছে। ইউএস বাংলা বিগত চার বছরে দেশ বিদেশে ৩৭ হাজার ফ্লাইট পরিচালনা করেছে। এটি একটি রেকর্ড। তিনি বলেন,আগামী মাসেই এ প্রথমবারের মতো বাংলাদেশ থেকে সরাসরি চীনের জোয়াং ঝুতে ফ্লাইট চালু হবে। অনুষ্ঠানে সারাদেশে সেরা ট্রাভেল এজেন্ট ও প্রতিনিধিদের ক্রেস্ট ও সম্মামনা প্রদান করা হয়।