
নিউজ ডেস্কঃ সদস্য সংগ্রহে নামছে বাংলাদেশ ছাত্রলীগ। চলতি সপ্তাহের যেন কোনো দিন থেকেই এই কার্যক্রম শুরু করা হচ্ছে। এ কর্মসূচির উদ্বোধন করবেন ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ইতোমধ্যে ‘ছাত্রলীগের প্রাথমিক সদস্য পদ’ পুরণের ফরম ছাপানো হয়েছে। আজ সন্ধ্যা সাতটায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। সংগঠনের এই দুই শীর্ষ নেতা নিউজ ৭১ ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন। বৈঠকে জাতির জনকের জন্মবার্ষিকী পালন নিয়েও কথা হয় তাদের। ছাত্রলীগকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করার নিদের্শ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছাত্রলীগের শীর্ষ দুই নেতা জানান,ছাত্রলীগে প্রাথমিক সদস্যপদ পুরণের জন্য ইতোমধ্যে ফরম ছাপানো হয়েছে। আমরা তৃণমূলে শুরু করতে চাই।
এ প্রসঙ্গে ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ নিউজ ৭১ ডটকমকে বলেন,সন্ধ্যায় দলীয় সভানেত্রীর কার্যালয়ে ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের সঙ্গে আমরা সৌজন্য সাক্ষাত করি। তিনি সংগঠনকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করার তাগিদ দেন। আমরা সংগঠনের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযানের কথা জানাই এবং তাকে প্রধান অতিথি করে রাজধানী থেকে এই কার্যক্রমের উদ্বোধন করবো বলে জানাই। তিনি সময় দিলেই চলতি সপ্তাহের যে কোনো দিন কার্যক্রম শুরু করবো। তিনি বলেন, ‘মেধাবী, ক্লিন ইমেজ ও পরিচ্ছন্নরাই আমাদের প্রধান টার্গেট।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন নিউজ ৭১ ডটকমকে বলেন,সংগঠনকে আরো শক্তিশালী করতে প্রাথমিক সদস্য সংগ্রহ করতে তৃণমূলে যাচ্ছি। জেলা-উপজেলা-ইউনিয়ন,পৌরসভা ও ওয়ার্ড এমনকি গ্রাম পর্যায়ে প্রাথমিক সদস্য সংগ্রহ করবো। তিনি বলেন,ছাত্রলীগের প্রাথমিক সদস্য হতে হলে কমপক্ষে তিনজন ওয়ার্ড কমিটির নেতার সুপারিশ লাগবে। কোন মাদকাসক্ত,বখাটের স্থান ছাত্রলীগে হবে না।