
নিউজ ডেস্কঃ দেশের উত্তর ও দক্ষিণে গ্যাস সঞ্চালন ও বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণে ১০ হাজার ৮০০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার।সরকারের দাবি এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে রংপুর, বরিশাল ও খুলনায় শিল্পের বিকাশ হবে।জানা গেছে, ভোলায় নতুন গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়েছে। এই গ্যাস ভোলা থেকে বরিশাল হয়ে খুলনায় নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকার দুটি গ্যাস পাইপলাইন স্থাপন করবে জিটিসিএল। এছাড়া দেশের অন্য অঞ্চল থেকে খুলনায় গ্যাস নিতে ৬ হাজার ৪২৭ কোটি টাকার আরও তিনটি পাইপলাইন প্রকল্প নিয়ে কাজ করছে জিটিসিএল। ভোলার গ্যাস ছাড়াও আমদানি করা এলএনজি (তরল প্রাকৃতিক গ্যাস) পাইপলাইনের মাধ্যমে এ অঞ্চলে যাবে।এদিকে গ্যাসের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছে উত্তরের রংপুরবাসী। অবশেষে তাদের দাবি পূরণ হতে যাচ্ছে। রংপুর বিভাগে গ্যাস সরবরাহের জন্য সঞ্চালন ও বিতরণ নেটওয়ার্ক নির্মাণে প্রায় ১৮০০ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। এ-সংক্রান্ত উন্নয়ন প্রস্তাবনা (ডিপিপি) জ্বালানি বিভাগে পাঠিয়েছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)।