
নিউজ ডেস্কঃ কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সার্বিক কৃষি ও পল্লী উন্নয়ন খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে। সরকারের কার্যকর পদক্ষেপের ফলে বিগত এক দশকে খাদ্য শস্য প্রায় তিনগুণ এবং শাকসবজির উৎপাদন প্রায় পাঁচগুণ বেড়েছে।অভ্যন্তরীণ জলাশয়ে মাছ আহরণের ক্ষেত্রে বাংলাদেশ চতুর্থ এবং চাষের মাধ্যমে মাছ আহরণের ক্ষেত্রে পঞ্চম স্থানে রয়েছে। চাল উৎপাদনে বাংলাদেশ ঘাটতি থেকে উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে।আজ রোববার ঢাকায় বিএআরসি মিলনায়তনে ‘জাতীয় কৃষি নীতি ২০১৮ (খসড়া) এর ওপর পর্যালোচনা কর্মশালায় মন্ত্রী এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, উৎপাদনশীলতা, আয় বৃদ্ধি এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের বিশাল জনগোষ্ঠির সমৃদ্ধিতে কৃষির ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশের জিডিপিতে বৃহৎ কৃষিখাত ফসল, মৎস্য, প্রাণিসম্পদ এবং বনের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রায় ৪২ দশমিক ৭ শতাংশ কর্মক্ষম শ্রমশক্তি এ খাতে নিয়োজিত। দেশের বৃহৎ তিনটি খাতের মধ্যে কৃষিখাতের প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে দুই দশমিক ৯৭ শতাংশে, যা গত অর্থবছরে ছিল দুই দমিক ৭৯ শতাংশ।স্বাধীনতার পর দীর্ঘ সময় কৃষিখাতের উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বারবার ব্যাহত হয়েছে। সরকার কৃষক ও কৃষির সার্বিক উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হিসেবে ‘জাতীয় কৃষি নীতি-৯৯ এবং পরবর্তী মেয়াদে ক্ষমতায় আসার পর ‘জাতীয় কৃষি নীতি, ২০১৩ প্রণয়ন করে।