News71.com
 Bangladesh
 12 Mar 18, 09:41 AM
 113           
 0
 12 Mar 18, 09:41 AM

কোটালীপাড়া পৌরসভায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেয়র হলেন আওয়ামী লীগ প্রার্থী।।

কোটালীপাড়া পৌরসভায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেয়র হলেন আওয়ামী লীগ প্রার্থী।।

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকায় কোটালীপাড়া পৌরসভায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন শেখ। তিনি কোটালীপাড়া পৌর এলাকার পশ্চিমপাড়ের বাসিন্দা মুক্তিযোদ্ধা হাজী শেখ লুৎফর রহমানের ছেলে। কোটালীপাড়া পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ সোমবার জেলা নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সী মেয়র পদে আর কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় কামাল হোসেন শেখকে বেসরকারী ভাবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেয়র ঘোষণা করেন। ১৯৯৭ সালে কোটালীপাড়া পৌরসভা গঠন করা হয়। ১৯৯৯ সালে কোটালীপাড়া পৌরসভার প্রথম নির্বাচনে কামাল হোসেন মেয়র নির্বাচিত হন। ১৫ বছর পরে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়ে তিনি ফের মেয়র নির্বাচিত হয়েছেন। গত ১ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আর কেউ মনোনয়ন দাখিল করেননি। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. কামাল হোসেন শেখ মেয়র পদে একক প্রার্থী ছিলেন। বিধি অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তাকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত ঘোষণা করা হয়। বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার পর কামাল হোসেন শেখ বলেন,কোটালীপাড়াকে পরিচ্ছন্ন ও আধুনিক পৌরসভা করবো। নাগরিক সেবা ও সুবিধা বৃদ্ধি করে কোটালীপাড়া পৌরসভাকে মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলবো। গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সী জানিয়েছেন, কোটালীপাড়া পৌরসভায় মেয়র পদে একক প্রার্থী হিসেবে মো. কামাল হোসেন শেখ মনোনয়নপত্র দাখিল করেন। বিধি অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আজ সোমবার তাকে বেসরকারিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত ঘোষণা করা হয়েছে। কোটালীপাড়া পৌরসভা নির্বাচনে ১ নং ওয়ার্ডে নাসির উদ্দিন সরদার ও ৩ নং ওয়ার্ডে আল আমীন সরদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন