
নিউজ ডেস্কঃ জ্ঞানের পরিধি বাড়াতে শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন লেখকদের বই পড়তে হবে। পড়তে হবে জাতির জনক বঙ্গবন্ধুর জীবনী। যাতে তারা নিজেদের যথাযথ প্রস্তুত করতে পারে। আজ সোমবার ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনকালে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি বলেন,নিজেদের প্রস্তুত করতে ও সুস্থ রাখতে শারীরিক অনুশীলন ও খেলাধুলার প্রতিও মনোযোগ দিতে হবে। খেলাধুলায় দক্ষতা অর্জন করলে জাতীয় ও আন্তর্জাতিকভাবেও পরিচিতি অর্জন সম্ভব হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৩০টি ইভেন্টে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। পরে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. মোজ্জাম্মেল হোসেন, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. ইউনুস লস্কর,জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিকুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম চৌধুরী ও সিদ্ধকাঠী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী জেসমিন ওবায়েত। অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।