News71.com
 Bangladesh
 14 Mar 18, 10:58 AM
 378           
 0
 14 Mar 18, 10:58 AM

রাজস্ব আদায়ের বিষয়ে নিয়মিত ভুল তথ্য দিচ্ছে সরকারের সংশ্লিষ্ট বিভাগ  

রাজস্ব আদায়ের বিষয়ে নিয়মিত ভুল তথ্য দিচ্ছে সরকারের সংশ্লিষ্ট বিভাগ   

নিউজ ডেস্কঃ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রাজস্ব আদায়ের যে তথ্য প্রকাশ করেছে, তার সঙ্গে সরকারি হিসাব সংরক্ষণকারী প্রতিষ্ঠান হিসাব মহা নিয়ন্ত্রকের (সিজিএ) অফিসের পরিসংখ্যানের মধ্যে দীর্ঘদিনের পার্থক্য রয়েছে। বছর বছর এই ব্যবধান না কমে বরং বাড়ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে,সর্বশেষ প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী এ পার্থক্য ১১ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। অর্থাত্ এনবিআর রাজস্ব আদায়ের যে পরিসংখ্যান দিয়েছে,সিজিএ’র হিসাবে প্রকৃত আদায় দেখা যাচ্ছে তার চাইতে প্রায় ১১ হাজার কোটি টাকা কম। দীর্ঘদিন ধরে এ ব্যবধান কমিয়ে আনার চেষ্টা করা হলেও কার্যকর কোন ফল মিলছে না। বরং এক পক্ষ অন্য পক্ষকে দায়ী করে আসছে। এর ফলে একদিকে সরকারের রাজস্ব আদায়ের প্রকৃত চিত্র যেমন জানা যাচ্ছে না,অন্যদিকে সমস্যার কারন চিহ্নিত করে কার্যকর সমাধানও মিলছে না। ফলে স্পষ্ট হয়ে উঠেছে সরকারের সংশ্লিষ্ট অফিসের হিসাব সংক্রান্ত অদক্ষতা।

অভিযোগ রয়েছে,রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন দেখাতে ক্ষেত্র বিশেষে এনবিআরের মাঠ পর্যায়ের অফিস কৌশলে বাড়তি রাজস্ব আদায় দেখাচ্ছে। কখনো কখনো শীর্ষ পর্যায়ের ইচ্ছায় কৃত্রিম বর্ধিত রাজস্ব আদায় দেখানো হয়েছে। অতীতের কয়েকটি অর্থবছর শেষে রাজস্ব আদায়ের যে চিত্র দেখানো হয়েছে,তা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। এনবিআরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে,এ ইস্যুতে নতুন করে গুরুত্ব দিতে চাইছে বর্তমান রাজস্ব প্রশাসন। এ লক্ষ্যে অতীতের কয়েকটি অর্থবছরে প্রকৃত রাজস্ব আদায় কত ছিল তা বের করার নির্দেশনা দেওয়া হয়েছে শীর্ষ প্রশাসন থেকে। এ বিষয়ে গতকাল মঙ্গলবার মাঠ পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন এনবিআর চেয়ারম্যন মোশাররফ হোসেন ভুঁইয়া। সূত্র জানায়,বৈঠকে কর্মকর্তাদের রাজস্ব সংক্রান্ত তথ্য-উপাত্ত প্রদানে সতর্ক করা হয়েছে। কোন ধরণের ভুল,অতিরঞ্জিত বা ভুয়া রাজস্বের পরিসংখ্যান না দিতে কর্মকর্তাদের কড়া বার্তা দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন