
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন,২১ মার্চের পটিয়ার জনসভা জনসমুদ্রে রূপ নেবে। আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা হবে। আজ বুধবার দুপুরে পটিয়া ইন্দ্রপুলের হল টুডে কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের প্রতিনিধি সভায় তিনি এ সব কথা বলেন। আগামী ২১ মার্চ পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষে এ সভার আয়োজন করা হয়। মাহবুবুল আলম হানিফ বলেন,মায়ের অধিকার শেখ হাসিনা দিয়েছেন। স্কুলভর্তিতে মায়ের নাম বাধ্যতামূলক করেছেন। আগে এটা ছিল না। এখন সন্তানের নামের পাশে মায়ের নাম লেখা হচ্ছে। এ অধিকার শেখ হাসিনা দিয়েছেন। তিনি বলেন,খালেদা জিয়া দুর্নীতিবাজ নেত্রী হিসেবে চিহ্নিত হয়েছেন। এতিমদের টাকা আত্মসাতের জন্য আদালত তাকে কারাদণ্ড দিয়েছেন। তার ছেলে তারেক রহমানকেও সাজা দিয়েছেন। সেই খালেদা নাকি গণতন্ত্রের মা! এর চেয়ে লজ্জার আর কি থাকতে পারে।