
নিউজ ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন শনিবার।রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার ও প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত জেলা প্রশাসকের কাছে পাঠানো ফ্যাক্স বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
শনিবার সকাল ৯টা ১০ মিনিটে রাষ্ট্রপতি তেজগাঁও হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করবেন।সকাল ৯টা ৫০ মিনিটে তিনি টুঙ্গিপাড়া হেলিপ্যাডে অবতরণ করবেন।সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারের উদ্দেশে যাত্রা করবেন।সকাল ১০ টায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে উপস্থিত হয়ে সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করবেন।একই দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে অনার গার্ড প্রদান করবে।সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে শেখ রাসেল স্মারক ডাকটিকিট অবমুক্তকরণ, আমাদের ছোট রাসেল সোনা গ্রন্থের মোড়ক উন্মোচন, সেলাই মেশিন বিতরণ, উঠব জেগে, ছুটব বেগে শীর্ষক ভিডিও প্রদর্শন, শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান, বইমেলা উদ্বোধন ও শিশুদের আঁকা আমার ভাবনায় ৭ই মার্চ শীর্ষক চিত্র প্রদর্শনী পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ৩টায় হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন।