
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন,বাংলাদেশে দুটি রাজনৈতিক ধারা আছে। একটি আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতার পক্ষে। আরেকটি বিএনপির নেতৃত্বে স্বাধীনতা বিরোধীদের প্লাটফরম। আওয়ামী লীগ ও শেখ হাসিনা ক্ষমতায় থাকা মানেই দেশের উন্নয়ন। আর স্বাধীনতা বিরোধীদের ক্ষমতা মানেই লুটপাট,জঙ্গিবাদের উত্থান,দশ ট্রাক অস্ত্র আমদানি। বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই নিরাপদ। আজ বিকালে গুলশানে ডেমোক্রেসি ট্রেনিং অব টেইনার-ওয়ান ইলেকশন ক্যাম্পেইন ম্যানেজমেন্ট ও ভোটার শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী দিনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন,জাতির জনককে হত্যার পর যারাই ক্ষমতায় এসেছিল,তারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করেছিলো। তরুণদের মিথ্যা ইতিহাস শেখানো হতো। দীর্ঘ ২১ বছর আওয়ামী লীগ ক্ষমতায় এসে জাতিকে সঠিক ইতিহাস জানানোর সুযোগ করে দেয়। আজকের তরুণরাই আগামীতে দেশের নেতৃত্ব দেবে। তরুণদেরকে মুক্তিযুদ্ধের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে।
এনামুল হক শামীম বলেন,বর্তমান সরকার দেশের তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করে দিচ্ছে। সরকারি-বেসরকারি চাকুরির পাশাপাশি তরুণরা যেন উদ্যোক্তা হতে পারে সেজন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। বর্তমান সরকার ২০০৮ সালের নির্বাচনের আগে ঘোষণা দিয়েছিল ডিজিটাল বাংলাদেশের। দেশের তরুণরা এই ঘোষণার আলোকে আওয়ামী লীগকে বিপুল ভোটে বিজয়ী করে। ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়,এখন বাস্তব। ডিজিটাল বাংলাদেশের সুযোগ গ্রহণ করে এখন লাখ লাখ তরুণরা উদ্যোক্তা হচ্ছেন। তিনি বলেন,বর্তমান সরকার নারীদের ক্ষমতায়নে কাজ করছে। বিনামূল্যে স্নাতক পর্যন্ত পড়ালেখার সুযোগ, বৃত্তি প্রদান,বিধবা ভাতাসহ নানামুখী উন্নয়ন কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে আগামীতে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টানা তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রী করতে হবে।