
নিউজ ডেস্কঃ রোহিঙ্গা ফেরাতে যুক্তরাজ্য আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে সবসময় বাংলাদেশের পাশে থাকবে।স্থানীয় সময় আজ শুক্রবার লন্ডনে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার কৌশলগত আলোচনায় এ বিষয়টি উঠে আসে।বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এবং ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্লামেন্ট আন্ডার সেক্রেটারি সাইমন ম্যাকডোনাল্ডের মধ্যে অনুষ্ঠিত আলোচনায় সাইমন ম্যাকডোনাল্ড এ প্রতিশ্রুতি দেন।আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসার পর দেশটি বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন সাইমন ম্যাকডোনাল্ড। বৈঠকে শুল্কমুক্ত সুবিধা রাখার আহ্বান জানান পররাষ্ট্র সচিব।
এভরিথিং বাট আর্মস (ইবিএ) কর্মসূচির আওতায় ইইউর বাজারে শুল্ক ও কোটামুক্ত সুবিধা পায় বাংলাদেশ।কিন্তু ব্রেক্সিটের কারণে ইইউ থেকে ব্রিটেন বেরিয়ে গেছে।এই ব্রেক্সিট কার্যকর হওয়ার পরও যুক্তরাজ্য যাতে বাংলাদেশের জন্য শুল্ক ও কোটামুক্ত সুবিধা বহাল রাখে সেজন্য ঢাকার পক্ষ থেকে আহ্বান জানান এম শহীদুল হক।বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার সম্পর্ক আরও বিস্তৃত করতে দু’দেশের মধ্যে প্রথম কৌশলগত সংলাপটি অনুষ্ঠিত হয় ২০১৭ সালের মার্চে ঢাকায়। এসময় দু’দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। লন্ডনে দ্বিতীয়বার কৌশলগত আলোচনায় বসেন দু’দেশের প্রতিনিধিরা।এছাড়া নারী ও বালিকা শিক্ষার উপর উভয় দেশ গুরুত্বারোপ করেছে। এক্ষেত্রে বাংলাদেশের ব্যাপক উন্নতিতে যুক্তরাজ্য ভূয়সী প্রশংসা করেছে।