
নিউজ ডেস্কঃ জার্মানিতে চতুর্থবারের মতো চ্যান্সেলর নির্বাচিত হওয়ায় এঙ্গেলা মেরকেলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।অভিনন্দন বার্তায় মেরকেলের দূরদর্শী ও সাহসী নেতৃত্বের প্রতি আবারও আস্থা স্থাপনের জন্য জার্মানির জনগণের প্রতি গভীর ভালবাসা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বাংলাদেশ ও জার্মানির মধ্যে সম্পর্ক গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, ধর্ম নিরপেক্ষতা ও সহনশীলতার অভিন্ন মূল্যবোধের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত উল্লেখ করে দু’দেশের সম্পর্কের পূর্ণ সম্ভাবনা বাস্তবায়নে জার্মানির সঙ্গে আরও ঘনিষ্ট ও জোরালো অংশীদারিত্ব গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।২০১৭ সালের ফেব্রুয়ারিতে জার্মানির মিউনিখে এঙ্গেলা মেরকেলের সঙ্গে তার বৈঠকের কথাও উল্লেখ করেন শেখ হাসিনা।
বাংলাদেশ ও জার্মানির সঙ্গে উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে সুদীর্ঘ দিনের গভীর ও ব্যাপক সম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আগামীতে জাতিসংঘ সংস্কার, জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন, অভিবাসন ও শরণার্থী সংকট এবং পরিচ্ছন্ন জ্বালানিসহ টেকসই উন্নয়নের ক্ষেত্রে দু’দেশের দৃঢ় অঙ্গীকার ও অভিন্ন দৃষ্টিভঙ্গি আরো জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।চতুর্থ মেয়াদে জার্মানির ফেডারেল চ্যান্সেলর হিসেবে গুরুদায়িত্ব পালনে মেরকেলের সার্বিক সাফল্য কামনা করেন ও তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।