
নিউজ ডেস্কঃ বেসরকারি মেডিক্যাল কলেজগুলোকে শিক্ষার গুণগত মান বজায় রেখে উপযুক্ত চিকিৎসক গড়ে তুলতে যথাযথ পাঠ্যক্রম অনুসরণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বেসরকারি খাতেও মেডিক্যাল কলেজ হচ্ছে। তবে, সেক্ষেত্রে আমি বলবো, তাদের একটু নজর দেওয়া দরকার, শিক্ষার মানটা যথাযথ আছে কিনা। কারিকুলামগুলো ঠিকমতো আছে কিনা, সেদিকেও একটু বিশেষভাবে নজর দিতে হবে।আজ রবিবার রাজধানীর ফার্মগেটস্থ বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন-এর তৃতীয় ও বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ার নার্সিং-এর প্রথম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চিকিৎসকদের উচ্চশিক্ষা ও প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী চিকিৎসা ক্ষেত্রে সিঙ্গাপুরের দৃষ্টান্ত তুলে ধরে বলেন,আমাদের চিকিৎসকদের আরও উচ্চশিক্ষা ও প্রশিক্ষণের জন্য আমরা বিদেশে পাঠাতে চাই।আমার এটাই প্রশ্ন, যদি অন্য দেশ পারে তবে আমরা পারবো না কেন? আমাদের মেধা বা জ্ঞান কোনোটিরই অভাব নেই। তবে, সুযোগের অভাব ছিল। যেটি আমরা এখন করে দিচ্ছি।শিক্ষার মানের প্রতি নজর দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী বিশেষজ্ঞ চিকিৎসকদের বই লেখার প্রতিও মনোনিবেশ করার আহ্বান জানান। মেডিক্যাল সাইন্স এখন অনেক এগিয়ে যাচ্ছে,আর এসব বই এত দামি, সবার পক্ষে তা কেনা সম্ভব নয়।কাজেই আমার মনে হয় আপনাদের বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে। মন্ত্রণালয় থেকেও এটার উদ্যোগ নেওয়া উচিত। প্রত্যেকটি মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জন্য লাইব্রেরিটা একান্তভাবে প্রয়োজন।প্রধানমন্ত্রী এ সময় নতুন নতুন রোগের পাশাপাশি নতুন নতুন যে প্রযুক্তি আবিষ্কার হচ্ছে, তার সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য চিকিৎসক সমাজের প্রতি আহবান জানান।