
নিউজ ডেস্কঃ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় অতিসম্প্রতি ভুমিহীন ও গৃহহীন বীর মুক্তিযোদ্ধাদের বাসস্থানের জন্য প্রতিটি উপজেলা সদরে পাঁচতলা বিশিষ্ট ভবন নির্মানের প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পটি ইতোমধ্যেই একনেকের সভায় অনুমোদিত হয়েছে। কুষ্টিয়ার মিরপুর উপজেলার মুক্তিযোদ্ধারা ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জোর দাবি তুলেছে। পাঁচতলা ভবনের পরিবর্তে স্ব স্ব এলাকায় আগের মতোই গৃহহীন মুক্তিযোদ্ধাদের পৃথক বাড়ী নির্মাণের পক্ষে মত দিয়েছেন তারা। মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করীম ও আফতাব উদ্দিন খান অভিন্ন সুরে জানান,ইতোপুর্বে প্রতিজন গৃহ ও ভুমিহীন মুক্তিযোদ্ধাদের জন্য ৮ লক্ষ টাকা ব্যয়ে যে বাড়ী নির্মাণ করে দেওয়া হয়েছে সেটাই ছিল তাদের জন্য যুক্তিযুক্ত। বর্তমানে উপজেলা সদরে ৫ তলা বিশিষ্ট ভবণ নির্মানের সিদ্ধান্ত গৃহীত হওয়ায় মুক্তিযোদ্ধাদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে। মুক্তিযোদ্ধারা একনেকে পাশ হওয়া সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করতে ৪টি দাবি তুলে ধরেছেন।
দাবিগুলো হলো- প্রথমত: দুরদুরান্তের ভুমিহীন মুক্তিযোদ্ধারা উপজেলা সদরে এসে ফ্লাটে থাকতে আগ্রহী নয়। দ্বিতীয়ত: লিফট ছাড়া পাঁচতলা ভবনে একজন বয়স্ক মুক্তিযোদ্ধার জন্য সিঁড়ি বেয়ে ওঠা-নামা খুবই কষ্টকর হবে,তৃতীয়ত: গ্রামের প্রত্যন্ত এলাকায় বসবাস করা মুক্তিযোদ্ধাটি তাঁর এলাকায় বিভিন্ন ধরনের সাধারণ কাজ করে জীবন নির্বাহ করে,উপজেলা সদরে নতুনভাবে জীবন গড়া তাদের জন্য সম্ভব নয়। চতুর্থত: বাড়িতে হাঁস, মুরগী, গরু ও ছাগল পালন করা যেত কিন্তু ফ্লাটে তা সম্ভব হবে না। তাই মুক্তিযোদ্ধাদের দাবী যাদের জমির অভাবে ইতোপুর্বে বাড়ীর অনুমোদন দেয়া যায়নি,তাদের নামে স্ব স্ব এলাকায় তিন-চার শতক জমি কিনে বাড়ী তৈরি করে দেবার জোর দাবি জানিয়েছেন।