
নিউজ ডেস্কঃ বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) এর নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম ২০১৬ সালে ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ চা বোর্ডে যোগদান করেন। নতুন এই নিয়োগের আগে তিনি সেখানে চেয়ারম্যান হিসেবে নিয়োজিত ছিলেন। চা বোর্ডের ওয়েবসাইটে বলা হয়েছে,মো. সাফিনুল ইসলাম ১৯৬৬ সালের ২ মার্চ বাংলাদেশের জয়পুরহাট জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ মিলিটারী একাডেমীতে ২৫ জুন ১৯৮৪ সালে যোগদান করেন এবং ২৭ জুন ১৯৮৬ সালে কর্পস অব ইনফেনট্রিতে কমিশন লাভ করেন। তিনি দেশে ও দেশের বাইরে বিভিন্ন প্রফেশনাল কোর্সে অংশগ্রহণ করেছেন এবং সাফল্যের সাথে সরকার প্রদত্ত বিভিন্ন দায়িত্ব পালন করেছেন । উল্লেখ্য এর আগে গত ৭ মার্চ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়।