News71.com
 Bangladesh
 21 Mar 18, 01:01 AM
 175           
 0
 21 Mar 18, 01:01 AM

সুপ্রিমকোর্ট বার নির্বাচনের ভোটগ্রহণ চলছে।।  

সুপ্রিমকোর্ট বার নির্বাচনের ভোটগ্রহণ চলছে।।   

নিউজ ডেস্কঃ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিমকোর্ট বার) ২০১৮-২০১৯ মেয়াদের নির্বাচনের দুই দিনব্যাপী ভোটগ্রহণ চলছে। আজ বুধবার সকাল ১০টায় এ ভোটগ্রহণ শুরু হয় বলে জানিয়েছেন সুপ্রিমকোর্ট বার-এর সুপারিনটেনডেন্ট (তত্ত্বাবধায়ক) নিমেষ চন্দ্র দাস। তিনি বলেন,এবারের নির্বাচনে ৬ হাজার ১শ ৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোট শুরুর আগেই আইনজীবীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছিলেন। নিমেষ চন্দ্র দাস বলেন,আজ বুধ ও আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে মাঝে ১ ঘণ্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। সুপ্রিমকোর্ট বার-এর কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ৭টি সম্পাদকীয় ও ৭টি নির্বাহী সদস্যের পদ রয়েছে।

বিগত বছরগুলোর নির্বাচনে প্যানেল ভিত্তিক নির্বাচন অনুষ্ঠিত হতে দেখা গেছে। একটি সাদা প্যানেল অপরটি নীল প্যানেল। আওয়ামী লীগ নেতৃত্বাধীন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ও সমমনাদের সমর্থনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিতদের হচ্ছে সাদা প্যানেল। অপরদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও সমমনাদের সমর্থনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেল। এ নির্বাচনের জন্য সাদা প্যানেল থেকে সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন সভাপতি পদে এবং শেখ মোহাম্মদ মোরশেদ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সভাপতি-সম্পাদক ছাড়া বাকী পদগুলোতে প্রার্থীরা হলেন- সহ সভাপতি আলালউদ্দীন ও ড. মোহাম্মদ শামসুর রহমান, ট্রেজারার ড. মোহাম্মদ ইকবাল করিম, সহ-সম্পাদক মোহাম্মদ আবদুর রাজ্জাক ও ইয়াদিয়া জামান, সদস্য ব্যারিস্টার আশরাফুল হাদী, হুমায়ুন কবির, চঞ্চল কুমার বিশ্বাস, শাহানা পারভীন, রুহুল আমিন তুহিন, শেখ মোহাম্মদ মাজু মিয়া, মোহাম্মদ মুজিবর রহমান সম্রাট।

নীল প্যানেল থেকে সভাপতি পদে বর্তমান সভাপতি পদে অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সম্পাদক পদে বর্তমান সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ প্যানেল থেকে সহ-সভাপতি পদে ড. মো. গোলাম রহমান ভুইয়া ও এম গোলাম মোস্তফা, ট্রেজারার পদে নাসরিন আক্তার, সহ-সম্পাদক পদে কাজী জয়নুল আবেদীন ও আনজুমানারা বেগম, সদস্য পদে-ব্যারিস্টার সাইফুর আলম মাহমুদ,মো. জাহাঙ্গীর জমাদ্দার, মো. এমদাদুল হক, মাহফুজ বিন ইউসুফ, সৈয়দা শাহীনারা লাইলী, মো. আহসান উল্লাহ ও মোহাম্মদ মেহেদী হাসান। প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করবেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এ ওয়াই মশিউজ্জামান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন