
নিউজ ডেস্কঃ ভারত থেকে বাংলাদেশে আসার সময় বিজিবি বিরামপুর উপজেলার ঘাসুড়িয়া সীমান্তে নারী শিশুসহ পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে। আজ বৃহস্পতিবার সকাল দশটার দিকে সীমান্তের ২৮৮/৫১সাব পিলারের ১০০গজ বাংলাদেশের ভেতরে তারা ঘোরাঘুরি করছিল। তারা হলো- মিয়ানমারের আইকাফ জেলার মন্ডু থানার খানজিয়া পাড়া আব্দুল হক (৩৫) একই থানার শিরদারপাড়া গ্রামের মোহাম্মদ হোসেনের স্ত্রী নুরফাতেমা (২৫),তার সন্তান ফাহাত হোসেন (৫),কাবারি পাড়া গ্রামের জুয়েল হোসেনের স্ত্রী ফাতেমা (২৬) এবং তার এক বছরের শিশুকন্যা মাইমুনা বেগম।
বিজিবি ঘাসুড়িয়া ক্যাম্প কমান্ডার শ্রী রজনীকান্ত সরকার জানান,আজ বৃহস্পতিবার সীমান্তে ঘোরাঘুরির সময় বিজিবি সদস্যরা তাদের আটক করে জিজ্ঞাসাবাদে তারা মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করে। তাদের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে। বিজিবি-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিছুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।