
নিউজ ডেস্কঃ দেশে এখন আওয়ামী লীগকে সরানোর ষড়যন্ত্র চলছে। জনসাধারণকে এর বিরুদ্ধে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ শুক্রবার সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। মোহাম্মদ নাসিম বলেন,গত নির্বাচনে আমরা নির্বাচনী মাঠে বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছিলাম। বিএনপি তা বয়কট করে দেশবিরোধী জামায়াত শিবিরের সঙ্গে আঁতাত করে দেশে জ্বালাও পোড়াওসহ নৈরাজ্যের সৃষ্টি করেছে। অশান্ত করে তুলেছিলো দেশের মানুষকে।
তিনি বলেন,এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশবাসীকে বেছে নিতে হবে দেশে ৭১ এর ঘাতকেরা থাকবে না,নাকি মুক্তিযুদ্ধের চেতনা থাকবে। প্রধানমন্ত্রীর মহা উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য তিনি জনসাধারণের প্রতি আহ্বান জানান তিনি। জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক,সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য মেরিনা জাহান কবিতা, নজরুল ইসলাম ঠান্ডু, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস প্রমুখ।