
নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,বাংলাদেশকে ‘একনায়কতান্ত্রিক’ দেশের কাতারে পড়ার ঘটনাটি জাতির জন্য লজ্জাজনক। আমাদের এতো দিনের অভিযোগ আজ প্রমাণিত হলো। সারাবিশ্ব জানে বাংলাদেশে গণতন্ত্র নেই। স্বৈরশাসন চলছে। লজ্জা থাকলে সরকারের দ্রুত পদত্যাগ করা উচিত। আজ শনিবার দুপুর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন,জার্মান একটি প্রতিষ্ঠানের গবেষণার ভিত্তিতে একটি খবর এসেছে। পৃথিবীর রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশ নিম্নের দিকের পাঁচটি দেশের অন্যতম একটি। যেখানে গণতন্ত্র বিদায় নিয়েছে। এবং স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।
ফখরুল বলেন,আমরা এত দিন ধরে যে কথাগুলো বলছিলাম আজকে তা বিশ্বে স্বীকৃত হয়েছে। এই গবেষণার মধ্য দিয়ে আমাদের বক্তব্যের প্রতিফলন হয়েছে। বিএনপি মহাসচিব বলেন,এই গবেষণায় আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে,গণতন্ত্রের জন্য লড়াই করে যারা স্বাধীনতা অর্জন করেছিলাম তারা অত্যন্ত লজ্জাবোধ করছি। ১৯৮২ সালের ২৪ মার্চ নির্বাচিত রাষ্ট্রপতি আবদুস সাত্তারকে হটিকে রাষ্ট্র ক্ষমতা দখল করা এরশাদকে এই দিন সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে দেয়ারও সমালোচনা করেন ফখরুল। তিনি বলেন,গণতন্ত্র হত্যা দিবসে গণতন্ত্র হত্যাকারীদের সমাবেশ করতে দিলেও গণতন্ত্র রক্ষাকারীদের সমাবেশ করতে দিচ্ছে না সরকার।