News71.com
 Bangladesh
 26 Mar 18, 12:01 PM
 242           
 0
 26 Mar 18, 12:01 PM

গণহত্যাকারীদের যারা এদেশে মন্ত্রী-এমপি বানিয়েছেন তাদেরও বিচার হওয়া উচিত।। প্রধানমন্ত্রী

গণহত্যাকারীদের যারা এদেশে মন্ত্রী-এমপি বানিয়েছেন তাদেরও বিচার হওয়া উচিত।। প্রধানমন্ত্রী


নিউজ ডেস্কঃ একাত্তরের যুদ্ধাপরাধী ও গণহত্যাকারীদের যারা মন্ত্রী-এমপি বানিয়ে মদদ দিয়েছেন,পুরস্কৃত করেছেন,তাদেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘২৫ মার্চ গণহত্যা দিবস’ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির ভাষণে শেখ হাসিনা বলেন,যারা যুদ্ধাপরাধী ও গণহত্যাকারীদের মদদ দিয়েছে,মন্ত্রী-এমপি বানিয়েছে তারাও তো সমান অপরাধী। অপরাধীদের যারা পুরস্কৃত করেছে,তাদেরও সমানভাবে বিচার হওয়া দরকার বলে আমি মনে করি। এরা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন চায়নি। প্রধানমন্ত্রী বলেন,আমাদের দেশের কোনো নেতা-নেত্রী,খালেদা জিয়া নিজেই সন্দিহান ৩০ লাখ লোক নাকি মরে নাই। তারা তো নিজেরাই মানুষ খুন করে অভ্যস্ত,তারা তো নিজেরাই মানুষ পুড়িয়ে হত্যা করেছে। তার কাছে মানুষের কোন দাম নেই। তাদের পক্ষে এটা বলাটাই স্বাভাবিক। বাংলাদেশের স্বাধীনতায় আদৌ তারা বিশ্বাস করে কি-না? আমার সন্দেহ। তিনি বলেন, প্রত্যেক জায়গায় যারা গণহত্যায় শামিল ছিল তাদের মন্ত্রী, এমপি, উপদেষ্টা বড়বড় পদ দিয়ে পুরস্কৃত করেছিল জিয়াউর রহমান। এই হত্যার সঙ্গে যারা জড়িত তাদের মন্ত্রী বানানো, জিয়াউর রহমানও বানিয়েছিল, আবার খালেদা জিয়াও বানিয়েছিল। তারা আর লোক খুঁজে পায় না। ওই গণহত্যাকারীরাই ছিল তাদের পেয়ারের লোক। কারণ তাদের পেয়ারে পাকিস্তান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,গণহত্যাকারী ও সহায়তাকারী উভয়ই সমান অপরাধী। এটা যেন আমাদের প্রজন্মের পর প্রজন্ম ভুলে না যায়। গণহত্যাকারীদের বিচার চলছে। পাকি প্রেমীদের উপযুক্ত জবাব দিতে হবে,তাদের পাকি প্রেম ভুলিয়ে দিতে হবে। তা না করতে পারলে বাঙালি জাতির অস্তিত্ব থাকবে না। তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে,eগিয়ে যাবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন,বাঙালিকে কেউ দাবায়ে রাখতে পারবনা। আমরা তা প্রমাণ করেছি। স্বল্পন্নোয়ন দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদায় আসিন হয়েছি। আগামী ২০২০ সালে জাতির পিতার জন্মশত বার্ষিকী ও ২০২১ সালে বাংলাদেশের সুর্বণ জয়ন্তী পালন করবো। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ। কি পেলাম কি পেলাম না, তার জন্য রাজনীতি করি না। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্যই আমরা রাজনীতি। দেশবাসীকে বলবো- যারা পাকি প্রেম এখনো ভুলতে পারেনি, যাদের অন্তরে এখনো পাকিস্তান তাদের পাকি প্রেম ভুলিয়ে দিতে হবে। তারা পাকি প্রেমে হাবুডুবু খাচ্ছে খাক-ডুবে যাচ্ছে যাক। তিনি বলেন, ৭৫’র পর যারাই ক্ষমতায় এসেছিলো, তারা দেশের উন্নয়ন করেনি। কারণ দেশের উন্নয়ন করলে পাকিস্তান অখুশি হবে। তাদের অন্তরে পাকিস্তান। সে কারণে জিয়া-এরশাদ-খালেদা জিয়া দেশের উন্নয়ন করেনি। কারণ তাদের একই এজেন্ডা ছিল পাকিস্তানকে খুশি করা। দীর্ঘ ২১ বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বুঝতে পারে দেশের সরকার মানুষের উন্নয়ন করে। প্রচেষ্টা থাকলে, লক্ষ্য স্থির করে কাজ করলে যে দেশের উন্নয়ন করা যায় আমরা তা প্রমাণ করেছি।

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আলোচনা সভার সূচনা বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দলের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ ও উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিনের পরিচালনায় বক্তব্য রাখেন, দলের উপদেষ্টা পরিষদের সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মুক্তিযুদ্ধ গবেষক কর্নেল (অব.) সাজ্জাদ জহির বীর প্রতীক, দলের কেন্দ্রীয় সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন