
আন্তর্জাতিক ডেস্কঃ লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন করেছে। দিবসটির তাৎপর্য বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ,বাংলা প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ হাই কমিশনের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শুনানো হয়। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রিতে পাকিস্তানী হানাদার বাহিনী কর্তৃক নিরীহ বাঙ্গালীদের উপর বর্বরোচিত,নৃশংস এবং নারকীয় হত্যাযজ্ঞের কথা স্মরণ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে যে স্বাধীনতা আমরা পেয়েছি তার জন্য ত্রিশ লক্ষাধিক মুক্তিযোদ্ধার রক্ত এবং দুই লক্ষাধিক মা-বোনকে ইজ্জত দিতে হয়েছে।
অনেক মূল্যে পাওয়া এ স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের লক্ষ্যার্জনে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি এ দিবসের প্রকৃত ঘটনা স্বাগতিক দেশে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ অন্যতম আলোচক হিসেবে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। হাই কমিশনার নাজমুল কাওনাইন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গ,গণহত্যায় নিহতদের,ও মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, স্বাধীনতা বাঙালি জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্জন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দিবসটিকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণা, দিবসের প্রেক্ষাপট ও তাৎপর্য বিষয়ে আলোকপাত করেন।