
নিউজ ডেস্কঃ দীর্ঘ সাড়ে ১৭ বছর পর আগামী বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।দেশের উত্তরের এ জেলায় তাঁর শুভাগমনে সর্বস্তরের মানুষের মধ্যে শুরু হয়েছে প্রাণচাঞ্চল্য। প্রত্যাশার সঙ্গে চলছে প্রস্তুতিও। জনসভা সফল করার জন্য একদিকে যেমন চলছে জেলা আওয়ামী লীগসহ সব অংগ সংগঠনের প্রস্তুতি অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে চলছে প্রাপ্তি ও প্রত্যাশার গল্প। গুণছেন তাদের প্রিয় প্রধানমন্ত্রীকে জেলার পক্ষ থেকে বরণ করে নেয়ার অপেক্ষার প্রহর।জেলায় পুলিশ প্রশাসন সার্বক্ষণিকভাবে প্রস্তুতি কাজের তদারকি করছে।
২৯ মার্চ বিকেল ৩টায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৌরসভা কর্তৃপক্ষ শহর জুড়ে রাস্তা-ঘাট পরিষ্কার সভাস্থলের পরিচ্ছন্নতাসহ সৌন্দর্য বর্ধনের জন্য রং লাগানোর কাজ করছে। জেলা আওয়ামী লীগ ও তার অংগ সংগঠনগুলো সভামঞ্চ এবং রাস্তাঘাটের সৌন্দর্য বর্ধনসহ সভাস্থল জন সমুদ্রে পরিণত করার জন্য মাইকিং, পোস্টার, বেনার, ফেস্টুন, তোরণ নির্মাণ, হাট সভা, পথ সভা, বর্ধিত সভা, প্রস্তুতি সভার আয়োজন করছে দফায় দফায়। অফিস ও পাড়ায় চলছে আলোক সজ্জার কাজ।