
নিউজ ডেস্কঃ আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে শিক্ষক, অভিভাবক, গণমাধ্যমসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা চেয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন,অতীতের অভিজ্ঞতার আলোকে এবার পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে এবং প্রশ্ন ফাঁস ঠেকাতে সম্ভাব্য সব ব্যবস্থা নেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী এ সব কথা বলেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন,পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে প্রশ্নের খাম খোলা হবে। সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। ভুল ও বিভ্রান্তিমূলক প্রশ্ন প্রকাশ করে প্রচারণা চালানো হয়। এ ধরনের মিথ্যা প্রচারণা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। জাতির ভবিষ্যতের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষামন্ত্রী বলেন,আমাদের মেয়েরা পড়াশুনায় ভাল করছে। আগামী কয়েক বছরের মধ্যে উচ্চশিক্ষার ক্ষেত্রেও জেন্ডার সমতা অর্জিত হবে।