
নিউজ ডেস্কঃ আগামী মাসের মাঝামাঝি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে মুখোমুখি বৈঠক হতে পারে।লন্ডনে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ সম্মেলনের ফাঁকে এই বৈঠক হতে পারে।ওই সময়, কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে লন্ডনে যাবেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী উভয়েই।গত ছয় বছরে এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী কমনওয়েলথ সম্মেলনে অংশ নিচ্ছেন।গত তিনটি সম্মেলনে ভারতের কোনও প্রধানমন্ত্রী অংশ নেননি।বৈঠকের কথা জানা গেলেও বিস্তারিত কিছু জানা যায়নি।ঠিক এক বছর হতে চলল মোদী-শেখ হাসিনার শীর্ষ বৈঠক হয়েছে।এর মধ্যে কোনও তৃতীয় দেশেও মুখোমুখি হননি তাঁরা।দু’টি দেশেই সামনে নির্বাচন।তাই এই বৈঠকের যথেষ্ট গুরুত্ব রয়েছে।লন্ডনের বৈঠকটি সম্ভব হলে,কূটনৈতিক শিবিরের হিসাব মতো বর্তমান সরকারের আমলে এটাই দু’দেশের শেষ শীর্ষ পর্যায়ের বৈঠক হবে।
লন্ডনে বৈঠক হলে আন্তর্জাতিক এবং আঞ্চলিক সমস্যাগুলি নিয়ে আলোচনা করবেন দু’দেশের প্রধানমন্ত্রী।তবে ওই বৈঠকে তিস্তা নিয়ে কোনও পাকা কথা দেওয়া সম্ভব হবে না মোদীর পক্ষে। সম্প্রতি ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে,তিস্তা ছাড়াও আরও অনেকগুলি দিক রয়েছে দ্বিপাক্ষিক সম্পর্কে।বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ভারত পাশে রয়েছে।যে কাজগুলি ইতিমধ্যেই চলছে তার পাশাপাশি, নতুন কোন ক্ষেত্রে সমন্বয় বাড়ানো যায়, তা নিয়ে কথা বলবেন মোদী-শেখ হাসিনা।তবে তিস্তা নিয়ে আশু নির্দিষ্ট কোনও পরিকল্পনা না থাকলেও রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য ভারত যে ঐকান্তিক, এ বার সে কথা স্পষ্ট ভাবেই জানানো হবে ঢাকাকে।গত বছরের শেষে রোহিঙ্গা অধ্যুষিত জেলা রাখাইনের উন্নয়নের জন্য একটি চুক্তিপত্রে সই করেছে ভারত।সেখানে প্রস্তাবিত আবাসন তৈরির প্রকল্পগুলি শুরু করে দিতে সক্রিয় হচ্ছে মোদী সরকার।