
নিউজ ডেস্কঃ ছোটবেলা থেকেই শিশু-কিশোরদের মধ্যে জনসেবার অভ্যাস গড়ে তোলার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ রোববার দুপুরে চাঁদপুরের হাইমচরে বাংলাদেশ স্কাউটসের ষষ্ঠ জাতীয় কমডেকার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী রোভার স্কাউটদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রিয় রোভার স্কাউটবৃন্দ, আগামীতে তোমরাই জাতির নেতৃত্ব দেবে।তাই তোমাদের মধ্যে দেশপ্রেম থাকতে হবে, মুক্তিযুদ্ধের চেতনা থাকতে হবে, মানবিক মূল্যবোধ থাকতে হবে।আমি আশা করি তোমরা সেভাবে নিজেদের গড়ে তুলবে।আমাদের শিশু-কিশোরদের মধ্যে জনসেবার চর্চা ছোটবেলা থেকেই করতে হবে, সেদিকে সবাই খেয়াল রাখবেন।
বক্তৃতার শুরুতেই প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন।বলেন, তিনি একটি প্রদেশকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রে রূপ দিয়েছিলেন।স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পর মাত্র যে সাড়ে ৩ বছর সময় পেয়েছিলেন, সেই অল্প সময়ের মধ্যে তিনি দেশকে স্বল্পোন্নত দেশে পরিণত করেছিলেন। আমরা জাতির পিতার দেখানো উপায়ে দেশ গড়তে কাজ করছি।২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ২০২০ সালের মধ্যেই আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত দেশ গড়ে তুলবো, আর ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো।আজ সকাল ১১টার দিকে হেলিকপ্টারে করে হাইমচরে পৌঁছান তিনি। এরপর এই অনুষ্ঠানে যোগ দেন তিনি।বিকেলে প্রধানমন্ত্রী যোগ দেবেন চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায়। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চাঁদপুরে সাজসাজ রব বিরাজ করছে। এ সফরে চাঁদপুরে ৪৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।