
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান এবং সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিবর্গকে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন নারী ও বালিকাদের উন্নয়নে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আজ এক বাণীতে তিনি এ আহবান জানান।বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ১১তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালনের উদ্যোগকে রাষ্ট্রপতি স্বাগত জানান। এ উপলক্ষে তিনি দেশের সকল অটিস্টিক ব্যক্তি, তাদের পরিবার এবং অটিজম নিয়ে কর্মরত ব্যক্তি ও সংগঠনসমূহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন, অটিস্টিক ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানের দায়িত্ব।বাংলাদেশে অটিজম সম্পন্ন ব্যক্তিদের একটি বড় অংশই নারী, যারা অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা ঝুঁকি নিয়ে জীবনযাপন করেন। এ প্র্রেক্ষাপটে এবারের বিশ্ব অটিজম সচেতনতা দিবসের প্রতিপাদ্য নারী ও বালিকাদের ক্ষমতায়ন, হোক না তারা অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন- অত্যন্ত সময়োপযোগী।