
নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বিষয়ে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। দুদক ও রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) মঞ্জুর করে আপিল বিভাগের দেয়া আদেশে এ কথা বলা হয়েছে। আজ মঙ্গলবার এ সংক্রান্ত আদেশ প্রকাশিত হয়। এদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান জানিয়েছেন,আগামি রবিবারের মধ্যে তারা আপিলের সারসংক্ষেপ জমা দেবেন। ৬ পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপিটি লিখেছেন আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী।
এতে একমত হয়ে প্রধান বিচারপতিসহ অন্যান্যরা স্বাক্ষর করেছেন। অন্য বিচারপতিরা হলেন,বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার। গত ১৯ মার্চ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদককে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ। দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষ ও দুদককে এবং পরবর্তী দুই সপ্তাহের মধ্যে আসামিপক্ষকে আপিলের সারসংক্ষেপ জমা দেয়ার জন্য নির্দেশ দেন আদালত। একই সঙ্গে এ আপিল শুনানির জন্য ৮ মে দিন ধার্য করে হাইকোর্টের দেয়া জামিনের ওপর স্থগিতাদেশ দিয়েছেন আপিল বিভাগ।
প্রকাশিত আদেশে আদালত বলেছেন,জামিন দিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের অনুমতি চাওয়া হয়েছে। সেটা মঞ্জুর করার মতো কারণ (মেরিট) আমরা পেয়েছি। তাই দুটি আপিলের অনুমতি দেয়া হলো। এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের আদেশটি স্থগিত করা হলো। আপিলকারীদের দুই সপ্তাহের মধ্যে মামলার সারসংক্ষেপ জমা দিতে বলা হলো। এদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান বলেন,আপিল বিভাগ দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষ ও দুদককে আপিলের সারসংক্ষেপ জমা দেয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। আমরা আগামী রবিবারের (৮ এপ্রিল) মধ্যে আপিলের সারসংক্ষেপ জমা দেব।