
নিউজ ডেস্কঃ আসন্ন গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ৫ এপ্রিল (বৃহস্পতিবার) মনোনয়নপত্র সংগ্রহের তারিখ বেঁধে দিয়েছে বিএনপি।আজ মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।
রিজভী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে যারা মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী তারা যেন ৫ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেন। ১৫ মে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, যাচাই-বাছাইয়ের জন্য মনোনয়নপত্র সংগ্রহের পরের দিন ৬ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। যাচাই-বাছাইয়ের পর প্রার্থী চূড়ান্ত করতে ৭ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দলের গুলশান কার্যালয়ে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।