News71.com
 Bangladesh
 04 Apr 18, 06:45 AM
 195           
 0
 04 Apr 18, 06:45 AM

সন্ত্রাসবাদ দমনে বিশ্বে বাংলাদেশ পুলিশ রোল মডেল ।। আইজিপি

সন্ত্রাসবাদ দমনে বিশ্বে বাংলাদেশ পুলিশ রোল মডেল ।। আইজিপি


নিউজ ডেস্কঃ রাজধানীর গুলশানের হলি অর্টিজানে হামলার খুব অল্প সময়ে আমরা ঘুরে দাঁড়িয়েছি,যেভাবে ১৯৭১ সালে আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম। এরপর থেকে দেশব্যাপী জঙ্গিবাদ দমনে পুলিশ যে ভূমিকা পালন করেছে তা বিশ্বের কাছে বিস্ময়। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে বিশ্বের কাছে রোল মডেল হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ। আজ বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আয়োজিত সন্ত্রাস,জঙ্গিবাদ ও মাদক বিরোধী সমাবেশে এসব কথা বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। ওইদিন দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করে রাজশাহী মেট্রোপলিট পুলিশ।

সমাবেশে পুলিশের মহাপরিদর্শক বলেন,প্রধানমন্ত্রীর ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ বাস্তবায়নে প্রধান বাধা মাদক ও জঙ্গিবাদ। এটা বর্তমানে আমাদের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটি শুধু কোনো পুলিশি সমস্যা নয়,এটি একটি সামাজিক সমস্যা। এই সমস্যাকে রুখে দিতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা বিশ্বাস করি,আপনাদের সহযোগিতা পেলে জঙ্গিবাদ ও মাদককে আমরা বাংলাদেশ থেকে অচিরেই নির্মূল করতে পারবো। তিনি আরও বলেন,তরুণরা হতাশার কারণে সন্ত্রাসবাদের দিকে ঝুঁকছে,মাদক নিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এসব থেকে দূরে সরিয়ে রাখতে হবে। এজন্য শিক্ষকদের ভূমিকা পালন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে একজন করে কাউনসেলর রাখা প্রয়োজন। যেন কোনো শিক্ষার্থী হতাশাগ্রস্ত হলে যথাযথ পরামর্শ পায় এবং বিপথে না যায়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন,রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাহাবুবর রহমান,বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা,প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান,পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. খুরশীদ হোসেন,বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া,সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, রাবি স্টুডেন্ট কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি সুমাইয়া রহমান কান্তি ও আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবু জাকি আল মুনজির। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাদাকাত মাহমুদ ও মেহজাবিন কথা। এসময় সমাবেশে সমবেত কণ্ঠে কয়েক হাজার শিক্ষক-শিক্ষার্থী সন্ত্রাস,জঙ্গিবাদ ও মাদককে না বলেন। সমাবেশ আয়োজনে সহযোগিতা করে রাজশাহী স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন