
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির মামলায় এজহারভুক্ত ১১ আসামিকে অব্যাহতি দিয়েছেন আদালত। তদন্ত সংস্থার আবেদন গ্রহণ করে আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। একই সঙ্গে আসামি সিদ্দিকুর রহমান,নাজমুল হক ও শাহ আলমের বিরুদ্ধে দণ্ডবিধি ২৮৭ ধারায় প্রসিকিউশন মামলার তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি দিয়েছেন আদালত। এর আগে,অভিযোগ প্রমাণিত না হওয়ায় গত বছরের ৭ ডিসেম্বর ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে ওই ১১ আসামিকে মামলা থেকে অব্যাহতির সুপারশি করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিসিটি) ইউনিট। অপরদিকে চূড়ান্ত প্রতিবেদনে এজাহারভুক্ত তিন আসামি সিদ্দিকুর রহমান,নাজমুল হক ও শাহ আলমের বিরুদ্ধে দণ্ডবিধি ২৮৭ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে প্রসিকিউশন মামলার অনুমতি প্রার্থনা করেন তদন্তকারী কর্মকর্তা।