
নিউজ ডেস্কঃ নব্য জেএমবির নারী শাখা ‘ব্যাট ওমেন’-এর প্রধান হোমায়রা ওরফে নাবিলাকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। জাতীয় শোক দিবস ১৫ আগস্টে জঙ্গি হামলার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম তাকে গ্রেপ্তার করেছে। হোমায়রাকে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে জঙ্গি তামিম গ্রুপের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকেও গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীকে গত বুধবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়। হোমায়রাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের উপকমিশনার মোহাম্মদ মহিবুল ইসলাম খান। তিনি গণমাধ্যমকে বলেন,হোমায়রা ওরফে নাবিলা নব্য জেএমবির নারী শাখা ‘ব্যাট ওমেন’-এর প্রধান ছিলেন। ধনাঢ্য ব্যক্তির সন্তান হোমায়রা নিয়মিত জঙ্গিকাজে অর্থায়ন করতেন।
১৫ আগস্ট হোটেল ওলিও ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে পুলিশ যে জঙ্গি হামলার চেষ্টা নস্যাৎ করে,সেই ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে প্রথমে খুলনা থেকে আত্মঘাতী বোমা হামলাকারী সাইফুলের বন্ধু আবদুল্লাহ বিন মোসাদ্দেক সামিকে গ্রেপ্তার করে। এরপর গত ২০ নভেম্বর গ্রেপ্তার দেখানো হয় করিম ইন্টারন্যাশনাল নামে একটি প্রকাশনা সংস্থার কর্ণধার তানভীর ইয়াসিন করিমকে। গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়া হোমায়রা ওরফে নাবিলা হলেন তানভীরের স্ত্রী। পুলিশ বলছে,হোমায়রাই তানভীরকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করেন এবং আকরাম হোসেন খান নিলয়ের মাধ্যমে জঙ্গি কর্মকাণ্ডে অর্থায়ন করেন। আকরামও এখন পুলিশের জিম্মায়। পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের একটি সূত্র জানিয়েছে,হোমায়রার সম্পৃক্ততার বিষয়টি তারা আগে জানতে পেরেছিল,তবে তিনি অন্তঃসত্ত্বা থাকায় তাঁকে পুলিশ এত দিন গ্রেপ্তার করেনি। হোমায়রা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও মালয়েশিয়ায় পড়ালেখা করেছেন। হোমায়রার বাবার রাজধানীর হাতিরপুলে একটি বিলাসবহুল শপিং মল রয়েছে।