
নিউজ ডেস্কঃ ফিল্মি স্টাইলে দিনাজপুরের চিরিরবন্দরের একটি ছাগলের ফার্মে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ফার্মের পাহারাদারদের ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে হাত-চোখ বেঁধে ৪০টি ছাগল লুট করেছে। গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক সোয়া ১টায় চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের উচিৎপুর বাজার এলাকায় শাহ্ আলম সবুজের আয়শা ফার্মে এ চুরির ঘটনাটি ঘটে। আজ শুক্রবার এ ঘটনায় ছাগল ফার্মের মালিক শাহ্ আলম সবুজের পিতা শহিদুল ইসলাম চিরিরবন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ফার্মের মালিকের পিতা শহিদুল ইসলাম সাংবাদিকদের জানায়,শাহ্ আলম সবুজ উচিৎপুর বাজারের কাছে ১ বছর পূর্বে আয়শা নামে একটি ছাগলের ফার্ম দেয়। ওইফার্মে আড়াই শতাধিক ছাগল ছিল। চোরেরা গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক সোয়া ১টার দিকে ফার্মের পিছনের দরজার তালা ধারালো অস্ত্র দিয়ে কেঁটে ভিতরে প্রবেশ করে। এসময় চোরেরা ৪০টি ছাগল তাদের মিনি ট্রাকে করে নিয়ে যায়।
ফার্মের পাহারাদার মজিবর রহমান (৫৮) ও সাদেকুল ইসলাম (৪৫) সাংবাদিকদের জানান,ওই মিনি ট্রাকযোগে ১৫/১৬ জনের একটি চোরের দল অতর্কিতভাবে ফার্মে ঢুকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পড়নের কাপড় দিয়ে হাত-চোখ বেঁধে ফেলে। এরপর তারা ছাগলগুলো তাদের মিনি ট্রাকে উঠিয়ে নিয়ে দিনাজপুরের দিকে চলে যায়। চিরিরবন্দর থানার ওসি মো. হারেসুল ইসলাম অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন,এ চুরির ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।