
নিউজ ডেস্কঃ আজ ৭ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস।এবারের স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য বিষয়-সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা: সবার জন্য, সর্বত্র।বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হবে।এদিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে দিবসের সূচনা ঘোষণা করা হবে।তাছাড়া দেশের জেলা, উপজেলা এবং কমিউনিটি ক্লিনিক পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হবে।দিবসটি পালন উপলক্ষে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, চিকিৎসার জন্য এ দেশের মানুষের আউট অব পকেট এক্সপেন্ডিচার (নিজস্ব ব্যয়) হয় ৬৭ শতাংশ। এর মধ্যে ৪০ শতাংশই যায় ওষুধ কিনতে গিয়ে অর্থ সমস্যায় ভোগে।স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, মানুষের স্বাস্থ্য পরীক্ষার খরচ নিয়ন্ত্রণে আনতে মন্ত্রণালয়ের একটি সেল কাজ করছে।এ লক্ষ্যে চলতি মাসের মধ্যেই স্বাস্থ্য সুরক্ষা আইন-২০১৮ মন্ত্রিপরিষদে যাবে এবং প্রক্রিয়া সম্পন্ন করে সেটি আইনে পরিণত হবে।এ আইনটি হলে মানুষের চিকিৎসা সেবা আরও সহজ এবং স্বস্তিদায়ক হবে।দেশের বেশির ভাগ মানুষ সরকারি হাসপাতালে ফ্রি চিকিৎসা সুবিধা পাচ্ছেন। আর যারা বেসরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন তাদের সেই সামর্থ্য রয়েছে। কাজেই অভিযোগটি সঠিক নয়। সরকার দারিদ্র্যসীমা ১২ শতাংশের নিচে নামিয়ে আনতে কাজ করছে।
প্রসঙ্গত, ১৯৪৬ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘ অর্থনীতি ও সমাজ পরিষদ আন্তর্জাতিক স্বাস্থ্য ক্ষেত্রের সম্মেলন ডাকার সিদ্ধান্ত নেয়। একই বছরের জুন ও জুলাই মাসে আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাংগঠনিক আইন গৃহীত হয়, ১৯৪৮ সালের ৭ই এপ্রিল এই সংগঠন আইন আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। এইদিন বিশ্ব স্বাস্থ্য দিবস বলে নির্ধারিত হয়। প্রতি বছর সংস্থাটি এমন একটি স্বাস্থ্য ইস্যু বেছে নেয়, যা বিশেষ করে সারা পৃথিবীর জন্যই গুরুত্বপূর্ণ। সেদিন স্থানীয় ও আন্তর্জাতিকভাবে পালিত হয় এ দিবসটি।