
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় বলে মন্তব্য করেছেন খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল। তিনি বলেছেন,উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।এজন্য সব বিভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে। মানুষের জীবনে শান্তি ও সমৃদ্ধি অর্জনে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগকে জয়ী করার আহবান জানান তিনি। কামারখোলা ইউনিয়নের কালীনগর শিবনগর গেটের পাশে মাঠ প্রাঙ্গনে আ’লীগের জনসভায় এ আহবান জানান সাবেক সাংসদ।খুলনার দাকোপ উপজেলায় গতকাল শুক্রবার বিকাল ৪টায় কামারখোলা ইউনিয়ন সচেতন নাগরিক সমাজের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ননী গোপাল মন্ডল বলেন,আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসলে ২০২১ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে।১৯৭১ সালের খুনি, ধর্ষণকারী, রাজাকার ও ১৯৭৫ সালের খুনি-পাপিদের সরকারে এনেছিলেন জিয়াউর রহমান।আর শেখ হাসিনা ক্ষমতায় এসে সে সব পাপিদের বিদায় করেছেন।বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি দিয়ে পাপমোচন করা হয়েছে বলেই আজ দেশের উন্নয়ন হচ্ছে।এতিমের টাকা চুরির দায়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শাস্তি ভোগ করছে। কিন্তু বিএনপির নেতাকর্মীরা বলে বেড়াচ্ছে, এ সরকার সাজানো মামলা দিয়ে তাকে হয়রানি করছে। অথচ এ মামলা হয়েছে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়। আওয়ামী লীগ কোনও মামলা করেনি।দেশে মাদকের ভয়াবতা রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কেউ মাদক সেবন ও মাদক বেচা-কেনার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে পুলিশের হাতে সোপর্দ করা হবে। মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা না করা গেলে দেশে প্রজন্মের পর প্রজন্ম মেধাশূন্য হয়ে যাবে।