
নিউজ ডেস্কঃ আগামী সংসদ নির্বাচন সম্পন্ন করাই বড় চ্যালেঞ্জ। কোনো দল যদি আগের অবস্থানেই থাকে, তবে সেটা দুঃখজনক হবে। কেননা সব দল অংশ না নিলে নির্বাচন ভালো হবে না। নিরপেক্ষ থেকে নির্বাচন করবো, এই দৃঢ়তা আছে। আশাকরি সব দল নির্বাচনে অংশ নেবে। আমাদের প্রতি দলগুলোর কোনো অনাস্থা নেই। দলগুলোর রাজনৈতিক বিষয়ে অনাস্থা রয়েছে। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
সিইসি বলেন, নির্বাচনকালীন কেমন সরকার হবে, সেটা আমাদের বিষয় না। তবে পদে থেকে নির্বাচন করার ক্ষেত্রে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরিতে আমার আচরণ বিধিমালায় পরিবর্তন আনবো।জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের বিষয়ে কেএম নূরুল হুদা বলেন, গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে যতটুকু সম্ভব ইভিএম ব্যবহার করবো। তারপর যদি জাতীয় নির্বাচনে আস্থা অর্জন হয়, তবে ব্যবহার করবো। জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের ক্ষেত্রে কতগুলো যদি আছে। বিশেষ দলগুলো এবং ভোটাররা যদি ইভিএমে ভোটগ্রহণের বিষয়ে একমত হয়, তবেই ব্যবহার করবো। ম্যানুয়াল পদ্ধতিতে নির্বাচন করা অনেক কষ্টকর। তাই নির্বাচনে প্রযুক্তির ব্যবহার করতেই হবে। তবে আগে স্থানীয় নির্বাচনে ব্যবহার করে আস্থা অর্জন করতে হবে।