
নিউজ ডেস্কঃ বিচারপ্রার্থী মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠায় সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, আইন পেশায় জ্ঞান ও মেধা দিয়ে মক্কেলদের সহযোগিতা করতে হবে। এজন্য বেশি বেশি জ্ঞান চর্চা করতে হবে। সে ক্ষেত্রে আইনজীবীদের কাছ থেকে পেশাগত অসদাচারণমূলক ব্যবহার কখনোই কাম্য নয়।আজ শনিবার দুপুরে রাজধানীর অফিসার্স ক্লাবে বার কাউন্সিল কর্তৃক নবীন আইনজীবীদের সনদ বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বার কাউন্সিলের সনদ নেওয়া নবীন আইনজীবীদের শুভেচ্ছা জানিয়ে প্রধান বিচারপতি বলেন, আইনজীবী হিসেবে সফলতা অর্জন করতে হলে প্রয়োজন অধ্যাবসায়। নিরলস শ্রম, সততা ও পেশার প্রতি আন্তরিকতা দিয়ে কাজ করলে তবেই সফলতা পাওয়া যায়। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অপরিসীম।বার ও বেঞ্চের সমন্বয়ে সুষ্ঠ বিচার ব্যবস্থা গড়ে উঠে। বার (আইনজীবী) ও বেঞ্চ (বিচারালয়) একে অপরের সম্পূরক। তবে কার্যক্রমের ভিন্নতা থাকবে। কিন্তু তাদের হাতে হাত দিয়ে একসঙ্গে হাঁটতে হবে। বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ করা যাবে না।