
নিউজ ডেস্কঃ বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন। আজ রবিবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। এসময় তিনি বলেন,ইলেকট্রনিক ভোটের মেশিন ব্যবহারে জনগণের আগ্রহ না থাকলেও কমিশন অনেক সেন্টারে ইভিএম ব্যবহারের ঘোষণা দিয়েছে। সুতরাং কমিশন আদৌ দুই সিটির নির্বাচন সুষ্ঠু চায় কি-না,তা নিয়ে সন্দেহ ঘনীভূত হচ্ছে। রিজভী আরও বলেন,আইন-শৃঙ্খলা বাহিনী বর্তমানে সরকারের দলীয় বাহিনীর মতো কাজ করছে। তাদের পক্ষে একটি সুষ্ঠু নিরপেক্ষ, ভয়মুক্ত ভোটের পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়। ভোটাররাও তাদের ওপর আস্থাশীল হতে পারবেন না। গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে সেনা মোতায়েন হবে না’ নির্বাচন কমিশনারদের এমন বক্তব্যের জবাবে রিজভী একথা বলেন। তিনি দুই সিটি কর্পোরেশন এলাকায় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা,ইভিএম বাতিল,সেনাবাহিনী মোতায়েন এবং বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার বন্ধ করে নির্বাচনী পরিবেশ তৈরির দাবি জানান।