
নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন চেয়ে আবেদন করা নতুন ৫৬টি রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হয়েছে। ইসির উপসচিব মো. আব্দুল হালিম খান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে আগামী ১৫ দিন অর্থাত্ ২২ এপ্রিলের মধ্যে নিবন্ধনের জন্য আবেদনকৃত দলগুলোর যেসব তথ্যের ঘাটতি আছে তা পূরণ করে ইসিতে পাঠানোর জন্য বলা হয়েছে। গতকাল রবিবার দলগুলোর কাছে পাঠানো চিঠিতে সংশ্লিষ্ট দলের ঠিক কি কি দলিলাদির ঘাটতি আছে বা কোথায় কোন ভুল আছে তা চিহ্নিত করে দেওয়া হয়েছে। এর আগে গত ১৯ মার্চ ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন,নতুন দলের যারা আবেদন করেছিল তার মধ্যে ১৯টি আবেদন যথাযথ না হওয়ায় বাতিল করা হয়েছে। বাকি ৫৬টি আবেদন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমরা মনে করি তাদের কাছ থেকে আরো তথ্য দরকার। গত বছরের ৩০ অক্টোবর ইসি নতুন দলের নিবন্ধনের জন্য আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করে। আবেদনের শেষ দিন ছিল ৩১ ডিসেম্বর। বর্তমানে ইসির নিবন্ধনে ৪০টি রাজনৈতিক দল রয়েছে।